জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়সংবলিত ১২ প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। গতকাল রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন জানায়, অনুমোদিত ১২ প্রকল্পের মধ্যে নতুন ৮টি, সংশোধিত ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির প্রকল্প ২টি। এর মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি-‘মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ এবং ‘সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের ১টি-‘কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওড় এলাকার ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনার উন্নয়ন (তৃতীয় সংশোধন)’ প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের ২টি-‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন’ এবং ‘চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ১টি-‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ প্রকল্প।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ৩টি-‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা’, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলি বাস্তবায়ন’, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত’ প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টি-‘ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় বি টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’ প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ১টি-‘নড়াইল-কালিয়া মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণের (দ্বিতীয় সংশোধিত) চতুর্থ বার মেয়াদ বৃদ্ধি’ প্রকল্প। শিল্প মন্ত্রণালয়ের ১টি-‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প।
সভায় আরও ৯ প্রকল্পের অনুমোদন অবহিত করা হয়। সভায় পরিকল্পনা উপদেষ্টার অনুমোদিত ৯টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এ প্রকল্পগুলো হলো বহুস্তরীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণের জন্য সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন (প্রথম সংশোধন) প্রকল্প।
শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থলে সংরক্ষণ ও উন্নয়ন (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত)। যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প। তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্প। প্রযুক্তিভিত্তিক বন ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলীয় স্থিতিস্থাপকতা বৃদ্ধির প্রকল্প। মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ (প্রথম সংশোধিত)। ঢাকা শহরের আশপাশ এলাকা উন্নয়ন প্রকল্প (ডিসিএনইউপি) (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প। র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প।