বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, দেশবাসী এখন যথাসময়ে নির্বাচনের প্রত্যাশায় আছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যথাসময়ে নির্বাচন হলে জনগণ স্বস্তি ও আস্থা ফিরে পাবেন।
গতকাল কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের মিঠাপুর নতুন ব্রিজের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, গত ১৭ বছর দেশে প্রকৃত নির্বাচন হয়নি, জনগণ ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার পর মানুষ এখন অবাধ, সুষ্ঠু ও সময়মতো নির্বাচনের অপেক্ষায় আছে। সময়মতো নির্বাচন হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। তিনি বলেন, বিএনপি নির্বাচনি প্রস্তুতিতে মাঠে রয়েছে এবং জনগণের সহযোগিতায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়।
বক্তব্যে অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, আমি ছাত্র অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন করেছি। আপনাদের ভোটে কেরানীগঞ্জ থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছি। আমি যখন প্রথমবার এমপি হই, তখন কেরানীগঞ্জে মাত্র আধা কিলোমিটার পাকা রাস্তা ছিল। তিনি দাবি করেন, ৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময়ে তিনি কেরানীগঞ্জে ১৮২টি ব্রিজ নির্মাণ করেছেন। রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ, মন্দির, বিদ্যালয় এমন কোনো সেক্টর নেই, যেখানে বিএনপির উন্নয়নের ছোঁয়া লাগেনি। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।