রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনব্যাপী ‘আলু উৎসব-২০২৫’ শুরু হয়েছে। গতকাল আইসিসিবির ‘গুলনকশা’ হলে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) জানিয়েছে, উৎসবে দেশিবিদেশি ৬৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সেখানে আধুনিক আলু চাষাবাদ, কোল্ড স্টোরেজ প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন, রপ্তানি, কৃষিযন্ত্র, কোল্ড-চেইন এবং আলু দিয়ে তৈরি নানান খাদ্যপণ্যের প্রদর্শনী হচ্ছে।
প্রদর্শনীর পাশাপাশি দুই দিনব্যাপী এই আয়োজনে আন্তর্জাতিক বিটুবি মিটিং, প্রযুক্তিবিষয়ক সেমিনার এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে দুটি প্যানেল সেশনও হবে। এসব সেশন থেকে পাওয়া সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ উৎসবের শেষ দিন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর রেকর্ড পরিমাণ আলু উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় বেশি। তবু এবার কৃষকরা আলুর দাম পাননি। কৃষককে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে এগিয়ে আসতে হবে।
উপদেষ্টা বলেন, সব এলাকায় আলু সংরক্ষণে সমান ভাড়া রাখতে হবে। এ ছাড়া আলু বীজ পাওয়ার ক্ষেত্রে ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
বিশেষ করে নেদারল্যান্ডস থেকে আসা আলু বীজ দামের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এসব আলু বীজের বক্সের গায়ে দাম লিখে দিতে হবে যাতে কৃষকের কাছে থেকে বেশি দাম দিতে না হয়। তিনি আরও বলেন, কৃষকরা উৎপাদিত পণ্যের দাম না পেলেও সে কথা কোথাও বলার সুযোগ নেই। অন্যান্য সংগঠন যেভাবে তাদের অধিকারের কথাগুলো বলে, প্রতিবাদ করে কৃষকরা সেভাবে তাদের অধিকারের কথাগুলো বলতে পারে না। কৃষকের উৎপাদিত ফসলের দাম নিশ্চিত করতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। বিসিএসএর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইসতিয়াক আহমেদ প্রমুখ।