বগুড়ার বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। এর মধ্যে কোনো কোনো সবজি আগের তুলনায় বেশি দামেও বিক্রি হচ্ছে। শুধু সবজিই নয়, পিঁয়াজের ঝাঁজও কমেনি। বাজারে প্রতি কেজি নতুন পিঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে। আর পুরাতন পিঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে। ফলে বাজার করতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। জানা গেছে, শীতকালীন সবজি বাজারে উঠলেও দাম কমছে না। কৃষক কিছুটা সহনশীল দামে তাদের উৎপাদিত সবজি বিক্রি করলেও মধ্যস্বত্বভোগীরা সেই সবজি কয়েক হাত ঘুরে ভোক্তার কাছে তা দ্বিগুণ দামে তুলে দিচ্ছেন। এ কারণেও সবজির দাম বাড়ছে। বাজারে প্রায় সব সবজিই ৬০ থেকে ৮০ টাকার কমে মিলছে না। এতে বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। গতকাল বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনি, খান্দার ও বকশীবাজারসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। মুলা ও পেঁপে কিছুটা কম দামে মিললেও অন্য সবজির দাম চড়া। বাজারে শীতকালীন ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, শসা, কাঁচা মরিচ, নতুন আলু সবই ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া বেগুন ৬০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ও করলা ৮০ থকে ৯০ টাকা, পুরাতন আলু ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। এদিকে গত মৌসুমে উৎপাদিত প্রতি কেজি দেশি পিঁয়াজ এখন ১১০ টাকা বিক্রি হচ্ছে। বাজারে নতুন আসা মুড়িকাটা পিঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। কোথাও কোথাও ১০০ টাকাতেও বিক্রি করা হচ্ছে।