স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। বিদায়বেলার এই স্বল্প সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।’ গতকাল সকালে চমেক হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা-সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি হাসপাতাল পরিদর্শন ও হৃদরোগ বিভাগের ক্যাথল্যাব মেশিন উদ্বোধন করেন। উপদেষ্টা বলেন, চট্টগ্রাম আর সিলেটের ছেলেমেয়েদের নার্সিংয়ে পড়ার আগ্রহ কম। নার্সিং পেশাকে তারা অসম্মানজনক মনে করে। যার কারণে দেশের অন্যান্য বিভাগ থেকে চট্টগ্রামের হাসপাতালগুলোতে নার্স নিয়োগ দিতে হয়। চট্টগ্রামের ছেলেমেয়েদের নার্সিং পেশায় আসার আহ্বান জানাই। কারণ এ পেশায় কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা আছে।