ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকান্ড৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল বিকালে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র্যাবসহ সবাই কাজ করছে। গতকাল দুপুরে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। তাকে উদ্ধার করে আড়াইটার দিকে ঢামেকে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।