বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনে এমপি প্রার্থী জয়নুল আবেদীন বলেছেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি রাষ্ট্রক্ষমতার লোভে কোনো আপস করেননি। গতকাল খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া আজ হাসপাতালের বিছানায় শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। এই দৃশ্য সমগ্র জাতির জন্য বেদনার। আল্লাহ যেন আপসহীন নেত্রীকে সুস্থতা দান করেন এবং তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আবারও উন্মুক্ত করেন। তিনি আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে দেশের তরুণরা ঘরে ঘুমাতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে তরুণদের আর বেকার সমস্যায় থাকতে হবে না। বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এবং অহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।