একসময় প্যাডেল চালিত রিকশা ভালো চললেও বর্তমানে তেমন আর চলে না। যারা প্যাডেল চালিত রিকশা চালান তাদের কোনো রকমে দিন যায়। এমতাবস্থায় প্যাডেল চালিত রিকশাচালকদের সংসারের খরচ ছাড়া বাড়তি খরচ করাটা সাধ্যের বাইরে। নারায়ণগঞ্জে এমনি একজন রিকশাচালক পরিবারকে শীতবস্ত্র প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটি। বৃহস্পতিবার সকালে শহরের মিশনপাড়া এলাকায় তারা এ শীতবস্ত্র প্রদান করেন। এ সময় রিকশাচালক, তার স্ত্রী ও তার মেয়েকে চাদর, কম্বল, জ্যাকেট উপহার দেন তারা। উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিকশাচালক মো. হাসান বলেন, ২৫ বছর ধরে নারায়ণগঞ্জ শহরে আমি রিকশা চালাই। বর্তমানে পায়েচালিত রিকশা হওয়ায় যাত্রীরা আমার রিকশায় কম চড়ে। এর ফলে সামান্য আয় দিয়ে কম্বল, শীতের জামাকাপড় কেনার সামর্থ্য আমার হচ্ছিল না। বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়ানোয় আমার পুরো পরিবারের অনেক উপকার হইছে। আমি সে জন্য বসুন্ধরা কোম্পানির জন্য দোয়া করি।