দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলনার গল্লামারী ময়ূর নদের ওপর স্টিল আর্চ ব্রিজ নির্মাণকাজ শুরু হয়েছে। সরেজমিন দেখা যায়, ব্রিজের পশ্চিম পাশে গল্লামারী বাজার এলাকায় স্টিল স্ট্রাকচারগুলো স্থাপনের কাজ চলছে। বিদেশ থেকে স্টিল স্ট্রাকচারের দুই-তৃতীয়াংশ মালামাল চলে এসেছে। মজুত রাখা হয়েছে ব্রিজের পশ্চিম পাশের ইয়ার্ডে। আমদানিকৃত ২৮৭ খন্ডাংশ উন্নত মানের স্টিল এবং ২৮ দশমিক ৬৮ টন নাট-বোল্ট ব্যবহৃত হবে সেতুর স্টিল স্ট্রাকচার তৈরিতে। সড়কের ওপর বালুর বেড তৈরি করা হচ্ছে।
সড়ক বিভাগ জানায়, ২০২৩ সালের ১ অক্টোবর গল্লামারী ময়ূর নদের ওপর দৃষ্টিনন্দন স্টিল নেটওয়ার্ক আর্চ ব্রিজ এবং সংযোগ সড়ক নির্মাণের জন্য কার্যাদেশ প্রদান করে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজে কালক্ষেপণ করে। চুক্তি অনুযায়ী- পাশাপাশি দুটি ব্রিজ এবং ৭৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ৬৭ কোটি ৬৬ লাখ টাকা। ব্রিজ দুটির দৈর্ঘ্য ৬৮ দশমিক ৭ মিটার, প্রস্থ ২৩ মিটার এবং উচ্চতা হবে ৪ মিটার।