চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় মেট্রোরেল চলাচল বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তারা। প্রায় ৫ ঘণ্টা পর রাত ৮.১৫ মিনিটে শুরু হয় মেট্রোরেল চলাচল। গতকাল রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা ও মতিঝিল থেকে বেলা ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। স্টেশনগুলোতে দেখা যায়, গেটে তালা দিয়ে রাখা হয়েছে। যাত্রীরা স্টেশনের ভিতরে প্রবেশ করতে না পেরে ফিরে যাচ্ছেন।
এ সময় ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেন আন্দোলনকারীরা। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফিরে আসেন। পরে আন্দোলনকারীরা তাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
রাতে ডিএমটিসিএলের ঘোষণার পর কিছুটা স্বস্তি ফেরে যাত্রীদের মধ্যে।