রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং প্রস্তুতি হিসেবে মাসব্যাপী পরিচালিত হবে জনসচেতনতামূলক কার্যক্রম। রাশিয়ার রাষ্ট্রায়াত্ত করপোরেশন রোসাটম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন যৌথভাবে প্রকল্প এলাকায় এটি পরিচালনা করছে। এর মূল উদ্দেশ্য হলো প্রকল্পটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্ন, ভুল ধারণা, উদ্বেগ ও কৌতূহলের সঠিক ও তথ্যভিত্তিক উত্তর প্রদান করা। রোসাটম ও বিএইসির প্রতিনিধিরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন।
এ কর্মসূচির আওতায় পাবনা জেলার বিভিন্ন উপজেলায় বিজ্ঞান উৎসব, গম্ভীরা পরিবেশনা এবং উঠান বৈঠক আয়োজন করা হচ্ছে। চলমান বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে রোসাটম ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিরা একটি নান্দনিক পারমাণবিক থিমে ব্র্যান্ডিং করা বাসে বিভিন্ন এলাকায় ভ্রমণ করছেন। যাত্রাপথে তারা বিভিন্ন জনসমাবেশে অংশ নিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। পাবনা জেলার সব উপজেলার মানুষ সরাসরি প্রকল্প প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা, পরিবেশগত দিক, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে পারছেন। সাধারণের আগ্রহ বাড়াতে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক খেলাধুলার আয়োজন এবং দর্শকদের মধ্যে পারমাণবিক থিমের স্মারক সামগ্রী বিতরণ করা হচ্ছে।