রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রশাসন ও সুধীজন। প্রতি মাসে গড়ে ১২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। গত তিন মাসে ৩৭ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে রংপুর নগরীসহ আট উপজেলায় ১৩টি খুনের ঘটনা ঘটেছে। তিন মাসে চুরি-ডাকাতিসহ ৮৯৯টি অপরাধ সংঘটিত হয়েছে। গড়ে প্রতি মাসে ৩০০টি করে অপরাধ সংঘটিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব তথ্য উঠে আসে। সভায় তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।
তিনি জানান, নভেম্বর মাসে দুটি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিঁধেল চুরির ঘটনা দুটি। এ মাসে অপহরণের ঘটনা ঘটেছে তিনটি। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাইরে। এ ছাড়াও নভেম্বর মাসে সাতজন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংঘটিত হয়েছে ২৮২টি। সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ছয়জন খুন হয়েছে। এ ছাড়া ৩৫টি চুরি, চারটি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছেন। নারী নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন। এ মাসে মোট অপরাধ সংঘটিত হয়েছে ৩০৪টি। জেলা পুলিশ সুপার মো. মারুফার হুসাইন বলেন, তিনি নতুন এসেছেন। তাঁর মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সজাগ রয়েছে।