ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ভোটারকে ওমরাহ করানো প্রলোভনের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থ ব্যয় বা প্রলোভন দেখাতে পারবে না। অথচ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল এমপি নির্বাচিত হলে ভোটারদের ওমরায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখাচ্ছেন। নবীয়াবাদ আবদুল ওয়াদুদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম বলেন, কাউকে ওমরায় নিয়ে যাওয়া সওয়াবের কাজ, তবে শর্ত সাপেক্ষে নেওয়া প্রতারণা। এত দিন জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিত, এখন ওমরায় নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এগুলো জনতার সঙ্গে প্রতারণা। এ বিষয়ে কথা বলতে জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কুমিল্লা-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, নির্বাচনের আচরণবিধি অনুযায়ী এ ধরনের প্রলোভন দেখানোর কোনো সুযোগ নেই। যদি কেউ এগুলো করে থাকে তাহলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন।