ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে গণ অভ্যুত্থানের নেতা-কর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ফ্যাসিস্টরা রাজনৈতিক দলগুলোর বিভাজনের সুযোগ নিচ্ছে। এ সময়ে দলগুলোর ন্যূনতম ঐক্য বজায় রাখার কথা থাকলেও তারা একে অপরকে দোষারোপ করছে। এ সুযোগে তারা সংগ্রামীদের ওপর হামলা করে যাচ্ছে। গতকাল রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, দেশের চিন্তা, স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। আমরা বুদ্ধিজীবী দিবসে সেই সূর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা ধারণ করতে চাই তাদের আকাক্সক্ষা; আমরা চাই, এ সময়ের রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা সেই আকাক্সক্ষাকে ধারণ করবেন এবং ১৯৭১, ১৯৪৭ এবং ২০২৪-এর আমাদের যে ঐতিহাসিক লড়াই ছিল, সেই লড়াইকে ধারণ করে বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি লড়াইয়ে বুদ্ধিজীবীদের একটি শ্রেণি যেমন পক্ষে ছিল, অপর শ্রেণি বিপক্ষে ছিল। আওয়ামী লীগের সময়েও কিছু বুদ্ধিজীবী, তারা বিভিন্ন নামে আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করেছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছে। আমরা ৫ আগস্টের পরেও সেটি দেখতে পাচ্ছি। বুদ্ধিজীবীর নাম করে ৫ আগস্টের বিরুদ্ধে জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে।