গণ অভ্যুত্থানে অনুপ্রাণিত সংগঠন ‘জুলাই রেবেলস’-এর সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে রাজধানীর দক্ষিণখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মাসুম ও ফাহিম খান। ঢাকা মহানগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জানা যায়, শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরে দুর্বৃত্তরা সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রাতেই তিনি মামলা করেন। জুলাই রেবেলসের সহসংগঠক পারভেজ জানান, রেজওয়ান অফিসে বিশ্রাম নেওয়ার সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। উত্তরা-পূর্ব থানার ওসি মোরশেদ আলম বলেন, ‘রেজওয়ান ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন এজাহারভুক্ত আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’