বাংলাদেশে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট বাতিলের পর গ্রাহকদের টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম জাকির হোসেনের আদালতে ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া মামলাটির আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় প্রতিষ্ঠান হিসেবে চলঘুরি লিমিটেডকে আসামি করা হয়েছে। আর ব্যক্তি হিসেবে আসামি চারজন। তারা হলেন চলঘুরি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রমি ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল, মেইন স্টেইজ ইনকের স্বত্বাধিকারী কাজী রাফসান ও মারভেলের প্রতিষ্ঠাতা ব্রিতি সাবরিন খান।
মামলায় অভিযোগ করা হয়, ১৩ ডিসেম্বর আতিফ আসলামের কনসার্ট হবে জানিয়ে ‘মেইন স্টেইজ ইনক’ নামক একটি ফেসবুক পেজে বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে বিভিন্ন ক্যাটাগরির টিকিট ছাড়া হয়। মামলার বাদী গত ১৯ নভেম্বর কনসার্টের পাঁচটি টিকিট বাবদ ২৮ হাজার ৮৪৪ টাকা দেন। পরবর্তীতে, এ মামলার আরও ৬ জন সাক্ষী ২৫ ও ২৭ নভেম্বর ৫ থেকে ২৩ হাজার টাকা মূল্যের মধ্যে থাকা বিভিন্ন দামের ছয়টি টিকিট কিনেন। ১২ ডিসেম্বর মামলার আসামিরা তাদের ফেসবুক পেজে ঘোষণা দেন, সরকারের অনুমতি না পাওয়ায় তারা কনসার্ট স্থগিত করেছেন। মামলায় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) কনসার্টের আয়োজনের কথা ছিল। কিন্তু এর আগেই ১১ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সংগীতশিল্পী আতিফ আসলাম জানান, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকস ঠিকভাবে নিশ্চিত করা না যাওয়ায় তারা কনসার্টে অংশ নিতে পারছেন না। বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব নয়। এদিকে, কনসার্ট বাতিলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি আয়োজকরা।