বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুদরত-ই-জাহান বলেছেন, বৈষম্যহীন সমাজ গঠনে সম্মিলিতভাবে এগোতে হবে। বগুড়া প্রাচীন সভ্যতার লীলাভূমি হলেও এখানে উন্নয়নে সব সময় বৈষম্যের শিকার হয়েছে। সে কারণে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, যত দ্রুত সম্ভব বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার কার্যক্রম শুরু করবে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল দুপুর ১২টায় বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি রাহাত আহম্মেদ রিটু, সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা, মতিউল ইসলাম সাদী, আবদুর রহিম বগ্রা, সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম প্রমুখ।