জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটের এক ভাগ ভোটারের তথ্যসহ সমর্থনসূচক স্বাক্ষর বা টিপসহি তালিকা সংগ্রহ করতে হবে। যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার পরে যাচাই করবেন দৈবচয়নের ভিত্তিতে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে এ-সংক্রান্ত চিঠি রিটার্নিং অফিসারদের পাঠিয়েছেন। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোট গ্রহন কর্মকর্তা নিয়োগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পুলিশ, প্রশাসনসহ সব বিভাগ থেকে দায়িত্বরত সব কর্মকর্তার তথ্য চেয়েছে ইসি। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের তথ্য পাঠাতে হবে। এর মধ্যে উপমহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।
অন্য উপজেলা থেকেও হবে ভোট কর্মকর্তা নিয়োগ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনে পাশের উপজেলা থেকেও নিয়োগ করা হবে ভোট গ্রহণ কর্মকর্তা। গতকাল রিটার্নিং কর্মকর্তাদের এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। নীতিমালার আলোকে ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় ভোট গ্রহণ কর্মকর্তার সংকুলান না হলে পার্শ্ববর্তী/নিকটবর্তী উপজেলা (স্ব-স্ব জেলাধীন) থেকে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে। এদিকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ২১ ডিসেম্বরের মধ্যে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে। গতকাল স্থানীয় পর্যবেক্ষক মোতায়েন-সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।
অপর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়াল ৪ লাখ ১৮ হাজার। দেশে নিবন্ধন ৩৪ হাজার ৩৬৩ জন। গতকাল এ রিপোট লেখা পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। মোট নিবন্ধন করেছেন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৪ লাখ ১৮ হাজার ৩০৩ জন, যা প্রতি মুহূর্তে বাড়ছে। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করবে ইসি।