বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘৫৪ বছর পরে বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে উচ্ছ্বাস নিয়ে বিজয় দিবস পালন করতে চেয়েছিলাম। কিন্তু আমরা ক্ষোভের সঙ্গে বলতে চাচ্ছি, স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালনের মধ্যেই আমাদের এই বিজয় উৎসব পালন করতে হচ্ছে।’ গতকাল সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে বিজয় উল্লাস করার জন্য প্রস্তুত হয়ে আছে, স্বাধীনতাবিরোধী শক্তি আমাদের কোনোভাবেই পিছু হটাতে পারবে না। আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় আমাদের তরুণ প্রজন্ম ৭১-এর ঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’
তিনি বলেন, ‘২৫-এর বিজয় দিবসে আমাদের অন্যতম অঙ্গীকার হবে-এই ঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। একই সঙ্গে ৫৪ বছরের বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধ যখন ঘোষণা করেছিলাম, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণাপত্রে বলা হয়েছিল-আমরা সাম্যের, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সমাজ চাই। ৭২-এর সংবিধানে অনেক ত্রুটি ছিল, কিন্তু তার অন্যতম মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র ছিল।