জুলাই রেভেলস সংগঠনের সদস্যকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফসহ (৪৬) তিনজনকে গ্রেপ্তার করে নিজেদের কবজায় নিয়েছে র্যাব। গ্রেপ্তার অন্যরা হলো সাইফুল ইসলাম (৩৭) ও মো. আমির হোসেন ফিরোজ (৪৭)। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল সোমবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। র্যাব-১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান জানান, শনিবার সন্ধ্যার পর উত্তরা ৮ নম্বর সেক্টরের পাবলিক কলেজসংলগ্ন জুলাই রেভেলসের অফিসে সংগঠনটির সহসংগঠক ইউসুফ আলী রেদওয়ান ও সদস্য মো. ইয়াসিনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। পরে আহত ইউসুফ আলী রেদোয়ান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। র্যাব জানায়, গ্রেপ্তার আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দক্ষিণখান, বিমানবন্দর, উত্তরা পূর্ব ও পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ডাকাতি, অগ্নিসংযোগসহ অন্তত ১৬টি মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে ১৪ ডিসেম্বর মো. মাসুম ও ফাহিম খান নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।