নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এ সময় মাসুদুজ্জামান বলেন, ‘আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে।
আমি আসলে নির্বাচন করব না। আমি উদ্বিগ্ন। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি জানি এটা কী পরিমাণ কষ্ট আপনাদের জন্য। আশার জায়গা ছিল, আশাহত হতে হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার পরিবারকে সময় দিতে পারি না। আমার পরিবার চাচ্ছে না। আমার পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত এবং ভীত। এর বাইরে কিছু নিরাপত্তা ইস্যুও আছে। এটা বিশদ বর্ণনা দেওয়ার মতো নয়। পরিবেশটাই নেতিবাচক। সবকিছু বিবেচনা করে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।’ উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মাসুদুজ্জামান।