রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুর্বৃত্তদের হামলায় মো. ফারুক নামে এক টাইলস মিস্ত্রি খুন হয়েছেন। গতকাল সন্ধ্যায় নয়ানগর আলপালা মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মায়াপুর গ্রামের মো. আলমগীরের ছেলে। বর্তমানে কাজলা এলাকাতেই থাকতেন। নিহতের বন্ধু সজীব জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ফারুক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছুই জানেন না সজীব। যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ১০-১৫ জনের একটি গ্রুপ ফারুকের ওপর হামলা করে। তার সঙ্গে ওই গ্রুপের কি নিয়ে দ্বন্দ্ব ছিল তা এখনো নিশ্চিত নয়।
হামলাকারীরা গ্রেপ্তার হলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।