স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কে নির্বাচন করবেন, আর কে করবেন না, তিনি কী জন্য করবেন না এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমাদের বলার মতো কিছু নাই।’ গতকাল বিকেএমইএর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্পপুলিশ-৪-কে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি নির্বাচন কেন করবেন না-এটা সাংবাদিকরা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছ থেকেই শুনেছি।’
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে শিল্পপুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, শিল্পপুলিশ-৪ প্রধান মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।