ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় তারা শাহবাগে যান চলাচল বন্ধ করে দেন। অবরোধ কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘এ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তারা এখানে এসে জনগণের সামনে না দাঁড়ানো পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। প্রয়োজনে প্রাণ দিয়েও আমরা এ অবস্থান ধরে রাখব।’ তিনি বলেন, ‘এ জমিন হাদির রক্তে ভিজেছে। অথচ এখন কেউ কেউ এসে আমাদের বলে, এ কাজ করো না, ওই কাজ করো না। আমাদের আর উপেক্ষা করা চলবে না।’
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা রাজপথে নেমেছি শহীদ ওসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।’