মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। গতকাল সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় এক ফুটবল টার্ফে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রাতরাশের আয়োজন করেন শুভসংঘের ধর্মবিষয়ক সম্পাদক মো. আলিনূর হোসেন (শামীম), সহযোগিতায় ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ আকাশ। সভাপতি ও সেক্রেটারি একাদশ দুটো টিমে ভাগ হয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে সেক্রেটারি একাদশ ৪-২ গোলের ব্যবধানে সভাপতি একাদশকে পরাজিত করেন। দলের পক্ষে দুটো গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি অ্যাডভোকেট কাজী মামুন। প্রীতি ম্যাচ প্রসঙ্গে বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. আলিনূর শরীফ শামীম বলেন, ‘শুভ কাজে বসুন্ধরা শুভসংঘ সবার পাশে থাকে। সে লক্ষ্যে এবং বিজয় দিবস উপলক্ষে আজ আমাদের এ আয়োজন। এতে করে নিজেদের মধ্যে সৌহার্দমূলক আচরণ বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।’ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ আকাশ বলেন, ‘এ খেলার মধ্য দিয়ে আমরা তরুণ প্রজন্মকে একটি বার্তা দিতে চাই, ইলেকট্রনিক্স ডিভাইসে আসক্ত না হয়ে, অযথা সময় নষ্ট না করে খেলাধুলা চর্চা কর। এতে করে কাজে ও পড়াশোনায় মন বসবে।’ আর সাংগঠনিক সম্পাদক মেহেদী মনজুর বকুল বলেন, ‘খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে।
দৈনন্দিন জীবনের কর্মচাঞ্চল্য বৃদ্ধি করে। আমরা মনে করি, খেলাধুলার মধ্য দিয়ে আমাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। এর মাধ্যমে আমরা আরও নবউদ্যমে মানুষের পাশে থাকতে পারব।’