স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে। ভোটাররা উৎসব করে ভোট দেবেন। আগামী নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে-এ নির্বাচনে গণভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী শত বছরের জন্য দিকনির্দেশনা পাবে। রক্ত দিয়ে দেশের ছাত্র-জনতা যে জুলাই সনদ আমাদের দিয়েছে, সেটা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে।’ গতকাল সকালে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন ও বিরাজমান সমস্যা পর্যবেক্ষণ করেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, ‘আগামী নির্বাচনের অপর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে-জুলাই অভ্যুত্থানের পক্ষের যেসব রাজনৈতিক দল নির্বাচন করছেন তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়া। ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী নির্বাচন উৎসবমুখর হবে।’ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনের। তবে আমি আশাবাদী, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।’