গণহত্যায় সহযোগিতাকারী জাতীয় পার্টি, ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী সংগঠন জুলাই ঐক্য। গতকাল দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দিয়েছে সংগঠনের নেতারা। এতে নির্বাচনের নিরাপত্তায় বডি-ওর্ন ক্যামেরা না থাকলে নির্বাচনের দিন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে বলে উল্লেখ করা হয়।
এর আগে জুলাই ঐক্যের নেতা-কর্মীরা ‘জাতীয় পার্টির নির্বাচন মানি না, মানব না’ বলে স্লোগান দিয়ে মিছিলসহ নির্বাচন কমিশন সচিবালয়ের দিকে এগোতে থাকলে ইসলামিক ফাউন্ডেশনের সামনে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারেকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কমিশন ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন।