দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের স্পষ্টবাদী হতে হবে। যেমনটি ছিলেন অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম। তাঁর মতো আইনজীবী নেতা আজ খুবই দরকার। গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ আখতার উল ইসলাম স্মরণে শোকসভায় এসব কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গতকাল বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামসুল হক চৌধুরী হলে এ শোকসভা এবং দোয়া অনুষ্ঠিত হয়। সভায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম একজন স্পষ্টবাদী নেতা ছিলেন। তাঁর কর্মময় জীবন থেকে আইনজীবীদের অনেক কিছু শেখার আছে। সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এম এ তাহেরের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী, আলী আজম, আবদুল জব্বার, মো. খসরুজ্জামান, হুমাউন কবির প্রমুখ।