জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন জোট ভেঙে যাওয়ায় খুলনা তৃণমূলে ভোটের মাঠে ঘোলাটে সমীকরণ তৈরি হয়েছে। জামায়াতকে খুলনা-১, ২ ও ৬ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে দ্বিমুখী লড়াইয়ে নামতে হচ্ছে। খুলনা-৫ আসনে জামায়াতের বিরুদ্ধে ইসলামী আন্দোলনে প্রার্থী না থাকায় এখানে কিছুটা নির্ভার রয়েছেন জামায়াত প্রার্থী।
নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এত দিন খুলনার ছয়টি আসনে বিএনপি-জামায়াত মূল প্রতিদ্বন্দ্বিতার কথা আলোচনায় থাকলেও এখন পরিস্থিতি বদলে গেছে। জোটের প্রার্থী ঘোষণার পর অন্তত খুলনা-৩ ও ৪ আসনে বিএনপির প্রার্থীরা রয়েছেন ফুরফুরে মেজাজে। এদিকে জামায়াত ও ইসলামী আন্দোলনে দীর্ঘদিন ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের পর দূরত্ব তৈরি হওয়ায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন নেতা-কর্মীরা। খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপি প্রার্থী আমির এজাজ খানের সঙ্গে জামায়াতের কৃষ্ণ নন্দীর হাড্ডাহাড্ডি লড়াই হবে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই প্রার্থীকে পাশাপাশি বসে কথা বলতে দেখা গেছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নিজেদের জয়ের ব্যাপারে দুজনেই আশাবাদী। এ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আবু সাইদ মাঠে থাকলে জামায়াতের ভোট কিছুটা কমবে। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এখনো নিজ দলের ঐক্য ফেরাতে ব্যস্ত। সুযোগ কাজে লাগাতে মাঠে রয়েছেন জামায়াত প্রার্থী মহানগর সেক্রেটারি জাহাঙ্গীর হুসাইন হেলাল। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আমান উল্লাহ এখানে জামায়াতের মাথাব্যথার কারণ হয়ে আছেন। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুলের বিরুদ্ধে জামায়াত জোট প্রার্থী চূড়ান্ত করেনি। আসনটি উন্মুক্ত থাকলে এখানে জামায়াতের মহানগর আমির মাহফুজুর রহমান ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির আবদুল আউয়াল প্রতিদ্বন্দ্বিতা করবেন। জোট ভেঙে যাওয়ায় এখানে বকুলের পক্ষে বাড়তি সুযোগ তৈরি হয়েছে।
খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে বিএনপির আজিজুল বারী হেলালের বিরুদ্ধে জামায়াত জোট প্রার্থী দিচ্ছে না। এখানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ শেখ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে জামায়াত প্রচারণায় ইসলামী আন্দোলনের সঙ্গে না থাকায় বিএনপি সুবিধা পাবে। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির আলী আসগার লড়বেন জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে। এখানে ইসলামী আন্দোলন আগে থেকেই কোনো প্রার্থী দেয়নি। খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপির মনিরুল হাসান বাপ্পীর প্রতিপক্ষ জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী থাকছেন মো. আসাদুল্লাহ আল গালিব। ফলে এখানেও দ্বিমুখী চাপে রয়েছে জামায়াত।