হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনা উপজেলা পাইকগাছায় প্রতি বছরের মতো এবারও তিন সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোলাদানা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, প্রেস ক্লাবের সভাপতি মো. শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পাল প্রমুখ।
এদিকে কম্বল বিতরণের পূর্বে সমবেতদের উদ্দেশে আনোয়ার আলদীন বলেন, শীত-দুর্যোগ-দুঃসময়ে আমরা এ অঞ্চলের অসহায় দুস্থ মানুষের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। কপিলমুনি-পাইকগাছার অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হয়।
উল্লেখ্য, আজও অঞ্চলটির দরিদ্র মানুষের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।