বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল। তাঁর রেখে যাওয়া আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি। এই মহান নেত্রীর আদর্শ অনুসরণ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনি গতকাল দাউদকান্দি উপজেলা সদরে ‘ড. মারুফ ভিলা’ প্রাঙ্গণে খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় দোয়া মাহফিল-পূর্ব আলোচনায় এসব কথা বলেন।
দাউদকান্দি পৌর বিএনপি ও অঙ্গসংগঠন এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্মৃতিচারণা করে ড. মোশাররফ বলেন, তাঁর নেতৃত্ব ও আদর্শের গুণাবলি বর্ণনা করা এই স্বল্প পরিসরে সম্ভব নয়। দেশের কল্যাণে দেশনেত্রীর হঠাৎ চমকপ্রদ সিদ্ধান্ত দেখে মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও আদর্শকে দলের নেতা-কর্মীদের গভীরভাবে অনুসরণ করতে হবে। তাহলেই সুস্থধারার পরিচ্ছন্ন রাজনীতি বিকশিত হবে।