সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অবহেলা নিয়ে ইন্টার্ন নারী চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। হামলার প্রতিবাদে ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। হামলার ওই ঘটনায় আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুল আহমদ (৩৫), তাঁর স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) ও জাবেদ মিয়া (৩০)। জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের চার তলার ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ তুলে এক ইন্টার্ন নারী চিকিৎসকের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান রোগীর স্বজনরা। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করে। তবে রাত ১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁরা কাজে যোগ দেননি। ঘটনার বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান জাহান, ‘পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। তাঁদের বুঝিয়ে কাজে যোগদান করানোর চেষ্টা চলছে। তবে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে। অন্য চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।’