জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন বৈধতা দিতে সংবিধান পাশ কাটিয়ে গেলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন ও আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা।
আসিফ মাহমুদ বলেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না। আইনি, রাজপথসহ সব ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে আসনে তাদের প্রতিরোধ করব।
তিনি আরও বলেন, আমরা আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানতে পারলাম যে, ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আমাদের লিগ্যাল টিমের সদস্যদেরকে ‘ব্লাডি সিটিজেন’ বলে সেখানে গালি দিয়েছেন। তো আমরা এটাকে গালি হিসেবে নিচ্ছি না। আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন। বাংলাদেশের ব্লাডি নাগরিক। কিন্তু ‘ব্লাডি ফরেনাররা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সাংবিধানিকভাবে এই অধিকার নেই। আমরাও তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।