ঢাকাসহ দেশের নগর ও মহানগরগুলোর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ার জন্য সমন্বয়হীনতা ও সিটি মেয়রদের পর্যাপ্ত ক্ষমতা না থাকা। এই মন্তব্য নগর বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের। আর এ অবস্থার পরিবর্তনের জন্য তাই নগর সরকার গঠন করে তা শক্তিশালী করার মাধ্যমে নগরের সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নগর সরকার গঠন ও নগরের সমস্যাগুলো সমাধানে স্পষ্ট রূপরেখা দেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ ও গুলশান সোসাইটির আয়োজিত ‘ঢাকা বাঁচানোর ইশতেহার’ শীর্ষক এক নগর সংলাপে তারা এসব কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লাহর সভাপতিত্বে রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এ সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘সিটি করপোরেশনের বর্তমান ক্ষমতা মূলত ময়লা পরিষ্কার এবং বাতি লাগানোর মধ্যে সীমাবদ্ধ। আর নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় উচ্ছেদ অভিযানগুলো টেকসই করা সম্ভব হচ্ছে না।’ তাঁর মতে, ওয়াসা, রাজউক এবং পুলিশকে সিটি করপোরেশনের অধীনে এনে একটি পূর্ণাঙ্গ ‘সিটি গভর্নমেন্ট’ প্রতিষ্ঠা না করলে শহরের আমূল পরিবর্তন সম্ভব নয়। এখানে জলবায়ু উদ্বাস্তু ও অভিবাসীদের জন্য ‘আরবান সেফটি’ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই হবে ভবিষ্যতের প্রধান চ্যালেঞ্জ।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ‘বর্তমানে রাজউক, সিটি করপোরেশন এবং অন্যান্য সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে কোনো কার্যকর সমন্বয় নেই। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গত সরকার ঢাকা সিটিকে দুই ভাগে বিভক্ত করেছিল। বিগত ১৭ বছরে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি শক্তিশালী ও নির্বাচিত সরকার প্রয়োজন।’
তিনি এই পরিস্থিতি উত্তরণে একটি ‘সিটি গভর্নমেন্ট’ গঠন করা অপরিহার্য বলে উল্লেখ করে বলেন, সিটি গভর্নমেন্ট ছাড়া মেয়রের পক্ষে অনেক কাজই করা সম্ভব নয়, কারণ বর্তমানে মেয়রের হাতে এমনকি আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পুলিশি ক্ষমতাও নেই। ঢাকার মেয়রকে স্থানীয় সরকারের না রেখে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন শক্তিশালী অবস্থানে নিয়ে আসা উচিত, যাতে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘আমাদের ইশতেহারে ঢাকা বাঁচাতে ১০টি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার জন্য ঠিক করেছি। এর মধ্যে অন্যতম হলো সমন্বিত সরকারব্যবস্থা। সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, ডেসাসহ অনেকগুলো সংস্থা রয়েছে। কিন্তু তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এর জন্য সমন্বিত সরকার ব্যবস্থা দরকার।’ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (ঢাকা-১৭) ডা. এস. এম. খালেদুজ্জামান বলেন, ‘বিভিন্ন শহর নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠে, তেমনি আমাদের ঢাকা শহরটা কিন্তু বুড়িগঙ্গা নদীকে নিয়ে আমাদের বাপ-দাদারা স্বপ্ন দেখেছিল। কিন্তু সেটিকে নানা অব্যবস্থাপনা ও রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে বসবাসের অযোগ্য শহরে পৌঁছে গিয়েছি। আমরা ঢাকার পরিবেশ ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দেব। নগরবাসীকে আমাদের পাশে চাই।’ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক ড. মুসলেহ উদ্দীন হাসান বলেন, ‘বর্তমানে শহরগুলোকে নাগরিকদের পরিবর্তে “সিটিস ফর কনক্রিট অ্যান্ড কার” (কংক্রিট এবং গাড়ির শহর) হিসেবে গড়ে তোলা হয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিশুরা দিনের বেলায় পড়ার টেবিলে প্রাকৃতিক আলোতে পড়াশোনা করতে পারবে।’ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও পরিবেশবিশেষজ্ঞ অধ্যাপক আবদুর রব বলেন, দেশে দূষিত এলাকায় বসবাস করে ৪ কোটি মানুষ। এই দূষণরোধে এলাকাভিত্তিক উন্নয়নে জোর দিতে হবে। সবুজায়ন বাড়াতে হবে। সংলাপে এ ছাড়াও বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, স্থপতি রফিক আজম; প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ, গুলশান সোসাইটির সহসভাপতি সৈয়দ আলমাস কবির, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাসান ইমন প্রমুখ।