গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘বাঞ্ছারামপুরে বিএনপির বহু নেতা-কর্মী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে গুমখুন ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। সারা দেশের মতো বাঞ্ছারামপুরেও বিএনপি নেতা-কর্মীদের রিমান্ডে নিয়ে ঝুলিয়ে পেটানোসহ ভয়াবহ নির্যাতন করা হয়েছে। তবু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থেমে থাকেনি।’ গতকাল সকালে বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন বিএনপির সঙ্গে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমাদের লড়াই শুধু সরকার পরিবর্তনের জন্য ছিল না, বরং ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য ছিল। যে সরকার দেশ থেকে ন্যায়বিচার উধাও করে দিয়েছিল, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরশাসন কায়েম করেছিল সেই ব্যবস্থা বদলাতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে শাসকরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দেশের ১৮ কোটি মানুষ ভোটের মাধ্যমে ঠিক করবে কারা তাদের প্রতিনিধি হবে।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মূসা, সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা।