এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান দম্পতির জব্দকৃত সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। গত ১১ জানুয়ারি এস আলমের ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও স্থাপনা জব্দের আদেশ দেন আদালত। আর গতকাল দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক জব্দকৃত জমি ও স্থাপনা দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে- রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট, মিরপুরে ডিওএইচএসে সাবেক বিমানবাহিনী প্রধানের স্ত্রীর একটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে আবদুল হান্নানের মালিকানাধীন জমির ওপর সাততলা ভবনের নির্মাণকাজ চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিন দাগে আবদুল হান্নানের নামে আরও ৭ দশমিক ৮৪ শতাংশ জমি রয়েছে। এসব সম্পত্তি যেহেতু জব্দ করা হয়েছে তাই এগুলো দেখভালে রিসিভার প্রয়োজন। এর আগে ৬ মে আবদুল হান্নানের এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত। তার এ সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।