আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গত ১৫ বছরে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে ভোট দিতে দেয়নি। তারা দেশের মানুষকে ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিল। তারা নিজেরা নিজেদের নির্বাচিত ঘোষণা করে দেশের মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল। গতকাল বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিকরণসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, আজকে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের ভূমিকার কারণে আমরা একটি নতুন সময়ে উপস্থিত হয়েছি। যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ কোনোভাবেই হারানো চলবে না। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সরকার আপনিই নির্ধারণ করবেন। আপনার জনপ্রতিনিধি কে হবেন। কে সংসদে গিয়ে আপনার কথা বলবেন। তা আপনিই ঠিক করবেন। আগে ঠিক করতেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক। উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ছাত্র-জনতা।