দেশের বাজারে সোনা ও রুপার দামে ফের নতুন রেকর্ড হয়েছে। এবার সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকায়। আজ (২০ জানুয়ারি) থেকে নতুন এ দর কার্যকর হবে। গতকাল রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে দাম বেড়ে সোনার সঙ্গে রেকর্ড করল রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি এখন ৬ হাজার ২৪০ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৯৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা।