গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারে নামছে ‘ভোটের রিকশা’। এর মাধ্যমে ভোটকে কেন্দ্র করে জনগণের বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড সম্পর্কে ভোটারদের সচেতন করা হবে। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাতে বলা হয়, নির্বাচনি সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের রিকশা’ সারা দেশে সফর করবে। এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সকালে সাভারে রেডিও কলোনি থেকে গণভোটের রিকশার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে উপস্থিত থাকার কথা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহাবুবা ফারজানা, তথ্য গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিলসহ অন্য কর্মকর্তাদের। প্রচারে রিকশাগুলোতে বিভিন্ন টিভিসি প্রদর্শন করা হবে। এ ছাড়া গণভোট ২০২৬ ত্রয়োদশ সংসদ নির্বাচনের ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে, পরিবর্তনের চাবি আমাদের হাতে’সহ বিভিন্ন স্লোগান রিকশাতে ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, দেশের আটটি বিভাগে ৬৪ জেলার ৪৯৫টি উপজেলার ৪৫৭৯টি ইউনিয়নে ভোটের রিকশার মাধ্যমে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে।