সপ্তাহের দ্বিতীয় দিনে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ডিএসই এবং সিএসই দাম বেড়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের। সব কটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
বিপরীতে দাম কমেছে ৭২টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত ছিল। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি বাড়ে ৭৬ পয়েন্ট। এতে দুই দিনে সূচকটি বাড়ল ১৩২ পয়েন্ট। সব কটি মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৪০ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৪ কোটি ৯ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১১৯ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। ৪ টাকা ৩০ পয়সা বেড়ে ২১৫ টাকা ২০ পয়সায় কোম্পানিটির ১৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ টাকার। ১৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮০ প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৬টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭ কোটি ৪৫ লাখ টাকা।