রাজধানীর হাতিরঝিলে সোনিয়া (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত দেড়টায় পশ্চিম চৌধুরীপাড়ার একটি ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই কিশোরী ইকবাল হোসেনের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। আইনি প্রক্রিয়া শেষে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। জানা যায়, সোনিয়া ভোলার চরফ্যাশন উপজেলার বেপারী বাড়ির দুলাল বেপারীর মেয়ে। বাড়ির মালিকের মেয়ে নুসরাত জাহান নুবায়রা জানান, রাতে সোনিয়াকে তার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন তারা।
পরে ৯৯৯-এর মাধ্যমে হাতিরঝিল থানা পুলিশকে জানান। পুলিশ এসে লাশ উদ্ধার করে। হাতিরঝিল থানার এসআই দিনো বন্ধু জানান, প্রাথমিক তদন্তে জানা যায় সোনিয়া নিজের ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।