নির্বাচনের আর সাকল্যে সপ্তাহ তিনেক বাকি। গতকাল থেকে শুরু হয়েছে নির্বাচনি প্রচার। প্রার্থীরা তাদের নির্বাচনি এলাকায় অবস্থান করছেন। তারা নাওয়াখাওয়া ভুলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মূলত বুধবার প্রতীক পাওয়ার পর থেকেই বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন, অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের কর্মীরা প্রচারে নেমেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুরের ঘাঁটিতে নেই জাপার হাঁকডাক : রংপুরে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। বুধবার প্রতীক পাওয়ার পর থেকে হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন নির্বাচনি মাঠ চষে বেড়ালেও জাতীয় পার্টির প্রচারণা তেমন একটা চোখে পড়েনি। ছয়টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থী ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা কলি, হাতপাখা, লাঙ্গলসহ বিভিন্ন প্রতীক পেয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
মাঠে সালাহউদ্দিন আহমদ : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। প্রচারকালে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোনাখালী এলাকায় আমি সবসময় প্রথম হই। এবার এমনভাবে প্রথম করতে হবে যেন এ রেকর্ড কেউ ভাঙতে না পারেন।’ পরে তিনি কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া, সিকদারপাড়ায় গণসংযোগ করেন। এ সময় তিনি কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোনাখালী হেদায়েতুল উলুম মাদ্রাসা মাঠে ধানের শীষে ভোট চান এবং তার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন।
বড় আয়োজনে প্রচারে তুহিন : বড় শোডাউনের মধ্য দিয়ে নীলফামারীতে নির্বাচনি প্রচার শুরু করলেন বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
গতকাল জেলা শহরের ডিসি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য নির্বাচনি প্রচারমিছিল শুরু হয় ধানের শীষের। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী তুহিন। তিনি বলেন, ‘সারা দেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, মানুষ উন্নয়ন চায়। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না।
ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান এ্যানির : বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয় অর্জন করবে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তারেক রহমান।’ তিনি বলেন, ‘ছাত্র, যুবক ও তরুণ সমাজ আমার সঙ্গে আছে এবং সবাই খুব বেশি উল্লসিত। কারণ দীর্ঘদিন ধরে সবাই ভোট কেন্দ্রে যাওয়ার অপেক্ষায় ছিল এবং এসব তরুণ ভোটারসহ সবাই ভোট কেন্দ্রে যেতে এখন প্রস্তুত।’ তিনি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
লালমনিরহাটে উত্তাপ : উৎসবমুখর পরিবেশে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। প্রচারণার প্রথম দিনে লালমনিরহাট-৩ আসনের প্রার্থী আসাদুল হাবিব দুলু জেলার খুনিয়াগাছ এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও হ্যান্ডবিল বিলি করেন, পেছিয়ে নেই জামায়াতের প্রার্থী আবু তাহেরও, তিনি শহরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন। লালমনিরহাট-২ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল কালিগঞ্জ ও আদিতমারীর বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন। এদিকে লালমনিরহাট-১ আসনে বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী আনারুল ইসলাম রাজু ও স্বতন্ত্র প্রার্থী ডা. রেদওয়ানুল হক সন্ধান প্রচারণার প্রথম দিনেই মাঠ চষে বেড়াচ্ছেন।
প্রার্থীরা ভোটারদের সঙ্গে কথা বলেছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। স্বতন্ত্র প্রার্থী ডা. রেদওয়ান জানান নির্বাচনে তিনি আশাবাদী।