বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির যে কোনো ক্রান্তিলগ্নে কান্ডারি হয়ে একমাত্র বিএনপিই জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং আগামীতেও থাকবে। বিএনপি এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল, তা সময়ের পরীক্ষায় আজ উত্তীর্ণ। তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন ইনশা আল্লাহ।
ড. মোশাররফ গতকাল দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ও পদুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনভর গণসংযোগকালে এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, বিএনপি যখনই জনগণের ভোটে ক্ষমতাসীন হয়েছে, দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রেখেছে। সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। আমরা দেশের এই অবস্থার পরিবর্তন করতে চাই।
পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল আলম ভুইয়া, এম এ লতিফ ভুইয়া প্রমুখ।