রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী বুধবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো-২০২৬। চার দিনব্যাপী এই শো প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। প্রদর্শনীতে ১৫টিরও বেশি দেশের প্রায় ২৩০টি কোম্পানি অংশ নিচ্ছে। যৌথভাবে এ মেলার আয়োজন করেছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল, ইউএসএ), দ্য সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না এবং কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না)।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শোতে থাকছে পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফেব্রিক, ট্রিমস এবং আনুষঙ্গিক সরঞ্জাম। ডেনিম শোতে থাকবে বিশ্বব্যাপী ডেনিম, জিন্স ও আনুষঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের সামগ্রিক ডেনিম ও পোশাকশিল্পের প্রদর্শনী। এটি অষ্টম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো-২০২৬।
সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক-এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, দুটি প্রদর্শনী ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য একটি কার্যকর মিটিং প্লেস। প্রদর্শনীতে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবেন। এ প্রদর্শনীর মধ্য দিয়ে সেমস-গ্লোবাল ইউএসএ এবং সিসিপিআইটি-টেক্স চায়নার যৌথ প্রচেষ্ঠার নবম বর্ষপূর্তি হবে। প্রদর্শনীগুলো বাংলাদেশে টেক্সটাইল শিল্পের অগ্রগতি এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাকশিল্প রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।