আদেশ বাস্তবায়ন না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাই কোর্ট। কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে। গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, গত বছরের ২৭ আগস্ট হাই কোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সিইসি আদালতের সেই আদেশ বাস্তবায়ন করেননি।