ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি ও সম্মিলিত ইসলামী ঐক্যজোট। গতকাল পৃথকভাবে দুটি সংগঠন এ সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা।
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল দলের প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে গতকাল বৈঠক শেষে এ ঘোষণা দেন। এছাড়াও গতকাল তোপখানা রোডে জাতীয় শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে সম্মিলিত ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বিএনপিকে আন্তরিক সমর্থন জানিয়ে নেতা-কর্মীদের বিএনপির জোটভুক্ত দলগুলোর প্রতীককে বিজয়ী করতে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে দেশের হাল ধরার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সাবেক সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান উপযুক্ত নেতা বলে আমরা মনে করছি।’