রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা ২০৪ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এই কারাগারে গড়ে সব মিলিয়ে প্রায় ২ হাজার ৬০০ হাজতি ও কয়েদি থাকেন। তাদের মধ্যে ভোট দিতে মাত্র ২৭৩ জনই নাম নিবন্ধন করেছিলেন। কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। কয়েদিদের একটি বড় অংশই দীর্ঘদিন ধরে বন্দি আছেন। তাই তাদের অনেকে ভোটারই হতে পারেননি।
এজন্য তারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করতে পারেননি। আবার নিয়ম আছে যে, কেউ কারাগারের ভিতরে বন্দি থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করার পর জামিন হলে পরে আর বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। সে কারণেও অনেক হাজতি ও কয়েদি ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেননি। নিবন্ধন করা ২৭৩ জনের মধ্যে নাম নাম-ঠিকানা ও সংসদীয় আসনসহ সব তথ্য সঠিক থাকায় ২০৪ জনের নামে ব্যালট এসেছিল। পোস্টাল ব্যালটে ভোট দেওয়া শুরুর পর থেকে শনিবার বিকাল পর্যন্ত তারা ভোট দিয়েছেন। আর নাম নিবন্ধনের পর ৩২ জন জামিনে বেরিয়ে গেছেন। তাদের ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। ভোটাধিকার প্রয়োগ করা ২০৪টি ব্যালট পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।