অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক ও স্থিতিশীল’ অবস্থায় রেখে যাচ্ছে। তবে সামনে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।
গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি আর আগের মতো ভঙ্গুর বা অস্থিতিশীল অবস্থায় নেই। ভবিষ্যৎ সরকারের জন্য অর্থনৈতিক ভিত্তি স্থিতিশীল করা হয়েছে। সরকার রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছে কি না, এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ঋণ গ্রহণ বেড়েছে ঠিকই। তবে, উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক ঋণও পরিশোধ করা হয়েছে। তিনি আরও বলেন, হ্যাঁ, ঋণ গ্রহণ বেড়েছে, তবে আমরা প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণও পরিশোধ করেছি। ঋণ পরিশোধও সমানভাবে গুরুত্বপূর্ণ।