রাজশাহীর নিউমার্কেট এলাকায় গড়ে ওঠা অভিজাত মার্কেট থিম ওমর প্লাজা দখলের অভিযোগে মামলা হয়েছে। মামলায় মার্কেটটিতে সশস্ত্র হামলা, দুই দফায় লুটপাট, নথিপত্র ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অভিজাত এই মার্কেটটির মালিক সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী। গত ৫ জানুয়ারি আদালতে মামলাটি করেছেন থিম রিয়েল এস্টেট লিমিটেডের লিগ্যাল অ্যান্ড এস্টেট অফিসার আসাদুল হক। মামলার অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জাকিরুল ইসলাম (৩৮), সুমন কুমার সরকার (৩৫), আবদুল আওয়াল (৪০) ও মো. রায়হান হোসেন (৩২) সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন মিলে মার্কেটটির দখল নেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, সুমন ও আওয়াল থিম ওমর প্লাজার সাবেক কর্মচারী ছিলেন। শৃঙ্খলাবিরোধী কাজের জন্য তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা এই হামলা ও লুটপাটের পরিকল্পনা করেন। গত ৫ জানুয়ারি দুপুর ১২টার দিকে আসামিরা পিস্তল, লোহার রড, হাঁসুয়া ও ককটেলসহ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে থিম ওমর প্লাজার সপ্তম তলায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। আসামিরা অ্যাকাউন্ট অফিসার মো. ইউসুফ আলী ও লিগ্যাল অফিসার আসাদুল হকের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ও ল্যাপটপ কেড়ে নিয়ে কক্ষের মাঝখানে দাঁড় করিয়ে রাখেন। সেই সময় ড্রয়ার ও লকার ভেঙে ৬ লাখ ৭২ হাজার ৬০০ টাকা লুটে করে নেয়। পরবর্তীতে কর্মকর্তাদের জোরপূর্বক অফিস থেকে বের করে দিয়ে আসামিরা অফিসের নিয়ন্ত্রণ নেয় এবং তালাবদ্ধ করে দেয়। ?এজাহারে অভিযোগ করা হয়েছে, ৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আসামিরা মার্কেট ও অফিস দখলে রাখেন। এই সময়ের মধ্যে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম ও মালামাল বাবদ ১ কোটি ৭ লাখ ১১ হাজার ৩৩০ টাকা লুট করেন। এ ছাড়া ভয়ভীতি দেখিয়ে দোকানের ভাড়া ও জামানত বাবদ আরও ১২ লাখ ৪৭ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেন। আসামিরা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সফটওয়্যার ধ্বংস এবং নথিপত্র বিনষ্ট করেছেন। এ ব্যাপারে জাকিরুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল-আমিন জানান, মার্কেটটির একটি অংশ তার মক্কেলরা পাওয়ার অব অ্যাটর্নির বলে ভাড়া আদায়ের দায়িত্ব পেয়েছেন। জাকিরুল সাবেক এমপির কাছ থেকে এটি কিনেছেন বলেও দাবি তার।