এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আরপিও বা নির্বাচনের যে নীতিমালা আছে সেগুলো অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে নির্দিষ্টভাবে ১১ দলের নেতা-কর্মী এবং প্রার্থীদের ফ্রেমিং (ফাঁসানো) করার এক ধরনের চেষ্টা হচ্ছে। গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন জায়গায় টাকা উদ্ধারের নামে, অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে আমাদের একজন নেতাকে ধরে হেনস্তা করা হয়েছে। আমার বাসায় তো ল্যাপটপ আছে, এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ?
এগুলোকে সেখানে স্থানীয় প্রশাসন এবং বায়াসড লোকাল মিডিয়া যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে।’
দেশাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আগামীকাল (আজ) বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। সুতরাং অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। শুধু নিজের ভোটার দিলে হবে না, নিশ্চিত করতে হবে আপনার পরিবারের বাকি সদস্য আপনার প্রতিবেশীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটাররা ভোট দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করাটা দলমত নির্বিশেষে আমাদের সবার দায়িত্ব। আমাদের প্রত্যাশা থাকবে আপনারা সে দায়িত্ব পালন করবেন।’
১১-দলীয় জোটকে জয়ী করার আহ্বান জানিয়ে সাবেক এ উপদেষ্টা বলেন, ‘আমাদের আহ্বান থাকবে সুপ্রশাসন, সার্বভৌমত্ব এবং সংস্কার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যে ১১-দলীয় জোট, সেই জোটকে আপনারা জয়ী করবেন। আমাদের শাপলা কলির যে আসনগুলোতে প্রার্থী আছেন তাদের ভোট দেবেন।’